ফ্লাশব্যাক

মাঝে মধ্যে হঠাৎ ফেলে আসা শৈশব সামনে এসে দাঁড়ায় ফ্লাশ ব্যাক হয়

মাঝে মধ্যে হঠাৎ ফেলে আসা শৈশব সামনে এসে দাঁড়ায়। ফ্লাশ ব্যাক হয়।

মায়ের কথা, দেশের কথা, ভাইবোন আত্মীয়-বন্ধুদের কথা মনে পড়ে যায়। মনে পড়ে প্রাইমারী স্কুল থেকে পাওয়া ইউনিসেফের আকাশী মলাটের খাতা আর পেন্সিল কাটার মেশিন। স্কুলের বড় গামলায় ছাতু মাখানো দুপুরের কথা। বজলারের রাইস মিল, পঁচাত্তরের পট পরিবর্তন। রাজা আর রহমতের সাথে বর্ষার খরস্রোতা ইছামতি সাঁতরে পাড়ি দেওয়া। আরও কত কিছু মনে পড়ে। খুলনা ‘৭৬ এক্সবিশনে স্মরণিকা আপ্যায়নের নান কাবাব। সার্কিট হাউসের মাঠে চালানো ২ টাকা ঘন্টার সাইকেল। ঝড়ে প‘ড়ে পা ভেঙে যাওয়া টিয়া পাখিটা যেদিন উড়ে গেল, আর ফিরে এলো না- ভীষণ মন খারাপের দিনটার কথা। জমানো ছয় টাকায় কেনা ছাই রংয়ের মুরগীটা। ভাই-বোনের সাথে মা-ছোট মামা মিলে রেল সড়কের খাদে মাছ ধরা। নানা বাড়ির পিছনের বাগানে নানীর সাথে ঝড়-বৃষ্টির গড়াগড়ি খাওয়া আম কুড়ানোর দিন। স্কুলের পুকুরের লম্বা সড়সড়িতে ঝিনুকে পাছা কেটে ফেলা। মহিষের পিঠে চড়ে কাদা পানির ধানের মাঠ পার হয়ে যাওয়া। হেড স্যারের বাসার সামনের মাঠে সন্ধ্যার আবছা আলোয় চাঁদা তোলা ডিমের পিকনিক। বৃত্তি পরীক্ষা শেষে ষ্টুডিওতে যেয়ে শফিক, অজিয়ার, শাহাদাত, জাহাঙ্গীরের সাথে তোলা বেলবটম প্যান্টের ছবিটা। যক্ষের ধনের মতো আমার ছোটবেলার প্রিন্স সাইকেলটা। বাটা‘র দোকানের নতুন ওঠা স্পন্জের সেই স্যান্ডেল জোড়া। নিক্সন মার্কেট থেকে কেনা চকচকে ফুল ফুল জামাটা। অর্ডার দিয়ে তৈরী করা বাদামী চামড়ার জুতা জোড়া। চার ফুট দশ ইন্চির স্কুল ফুটবল দলের হয়ে খেলতে যাওয়া। টেবিল টেনিসের ব্যাট নিয়ে জয়ন্তর সাথে মারামারিটা আমার আজো ভুল হয়নি।

- Advertisement -

আরো পরে পাবলিক লাইব্রেরীতে মিঠু সন্জয়ের সাথে মোঁপাসা পড়া। সানুর সাথে খুব ভোরে শেখ স্যারের বাসায় পড়তে যাওয়া। জামিল স্যারের বাসার পিকনিক। সাইকেল চালিয়ে দল বেঁধে অন্য পাড়ায় মেয়ে দেখতে যাওয়া। পালিয়ে মনিহারে সিনেমা দেখা। নিরালায় অবুঝ মন সিনেমাটা চারবার দেখা। মান্না দে হেমন্ত কনিকার গান শুনতে শুনতে রাত ভোর করা। টুপ ক‘রে প্রেমে পড়ার মত আরো কত কি!

মানুষের একটাই জীবন।ঝিনুকের বুকে মুক্তার মতো শৈশবের মধুময় স্মৃতিগুলোই এই জীবনের সব থেকে বড় সম্পদ। আমরা বেঁচে থাকি বর্তমানে। আর অতীতের স্মৃতি গুলো মনের মনিকোঠায় জমানো সম্পদ ক‘রে বয়ে নিয়ে বেড়াই।

 

হ্যামিল্টন, কানাডা

- Advertisement -

Read More

Recent