বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের পরিবারকে উদ্দেশ্য করে নিয়মে পরিবর্তন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ওয়ার্ক পারমিটে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে ফেডারেল সরকার

কানাডায় বিদেশি কর্মী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ওয়ার্ক পারমিটে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে ফেডারেল সরকার। ২১ জানুয়ারি থেকে কার্যকর এই নিয়মের অধীনে সুনির্দিষ্ট আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিদেশি কর্মীদের স্বামী বা স্ত্রীরা কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য হবেন।

যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী ডক্টরাল, ১৬ মাস বা তার বেশি মেয়াদি মাস্টার’স প্রোগ্রামে ভর্তি হবেন কেবল তাদের স্বামী বা স্ত্রীরাই ওয়ার্ক পারমিটের জন্য বিবেচিত হবেন। পাশাপাশি নার্সিং, ফার্মেসি এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মতো নির্বাচিত কিছু পেশাগত ও যোগ্যতা প্রোগ্রামের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে।

- Advertisement -

এ ছাড়া ব্যবস্থাপনা পদে এবং বিশ^বিদ্যালয় ডিগ্রি প্রয়োজন হয় এমন কাজে নিয়োজিত বিদেশী কর্মীদের স্বামী বা স্ত্রীরাও ওয়ার্ক পারমিটের যোগ্য হবেন। এসব পেশার মধ্যে রয়েছে আর্থিক পরামর্শদাতা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নির্মাণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো অন্যান্য যেসব পেশায় লোকস্বল্পতা রয়েছে অথবা সরকারের অগ্রাধিকারে সেগুলোর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। স্বামী বা স্ত্রীরা যে সময় আবেদন করবেন সে সময় কর্মীদের কমপক্ষে ১৬ মাস ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকতে হবে।

ওপেন ওয়ার্ক পারমিট একজন বিদেশি নাগরিককে কানাডায় কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই যেকোনো পেশা বেছে নেওয়ার সুযোগ দিয়ে থাকে।

ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার এক ঘোষণায় বলা হয়েছে, কানাডা সরকার আমাদের অস্থায়ী রেসিডেন্ট প্রোগ্রাম শক্তিশালী ও মানসম্পন্ন করতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা এবং শ্রমবাজারের চাহিদাকেও সমর্থন করছে।

আগের নিয়মে যেসব ওপেন ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে সেগুলোও বৈধ থাকবে। মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত কর্মী এবং যারা স্থায়ী বাসিন্দা হতে যাচ্ছেন তাদের ওপরও নতুন এই নিয়ম কোনো প্রভাব ফেলবে না। নতুন এই নিয়মের ফলে বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের যেসব সদস্য ক্ষতিগ্রস্ত হবেন তারাও অন্য অস্থায়ী ওয়ার্ক পারমিট প্রোগ্রামের আওতায় যোগ্য বিবেচিত হবেন।

- Advertisement -

Read More

Recent