
অনেক অনেক বছর আগে আমাদের টরন্টো শহরের প্রিয় আবৃত্তিশিল্পী দম্পতি সৈয়দা মার্জিয়া আফরোজ মৌ ও সুমন মালিকের বাসায় এক ঘরোয়া আসরে গিয়েছিলাম কবি আসাদ চৌধুরীর সঙ্গী হয়ে। কে না জানে সুমন মালিক শুধু কবিতা আবৃত্তিই করেন না, অসাধারণ তার গানের কণ্ঠও। সেই রাতে সুমন আমাদেরকে অনেক গান শুনিয়েছিলেন। সুমন একজন গীতিকারও। এমনকি রেডিওর তালিকাভুক্ত গীতিকার। সেইরাতে সুমন নিজের লেখা ও সুর করা গান পরিবেশন করে শুনিয়েছিলেন। সুমনের সঙ্গে তবলায় সঙ্গত করেছিলেন মামুনুর রশীদ। মামুন সুমন মালিকের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অনুজ। কিন্তু তারচেয়ে অধীক সম্পর্ক তাদের সুরের সুতোর আত্মিক ভালোবাসা-বন্ধনের। পরবর্তীতে সুমনের আরো আরো অনেক আসরে গান শোনার সুযোগ হয়েছে। যথারীতি মায়াময় মুখের হাসি ছড়িয়ে তবলায় হাত দিয়ে পাশে আছেন মামুন৷ এ যেন বাংলা মায়ের অবারিত চরাচরে ঘুরে বেড়ানো প্রকৃতির সুর সন্ধানী দুটি ভাই!
দিন যায়। নানান অনুষ্ঠানে সুমন মালিকের গানের আসরে তবলা নিয়ে বসা অবধারিতভাবে বসা মামুন আমাদের অনেকেরই আপন ভাইয়ের মায়ায় জড়িয়ে থাকেন অবলীলায়। দেখা হলেই স্নিগ্ধ হাসির নির্মল উষ্ণতায় আবদ্ধ করেন আলিঙ্গনে। মামুন নিজেকে স্বমহিমায় প্রকাশ করেন ধীরে ধীরে। তবলার সঙ্গত নয় শুধু, সরোদের মতো পাঁজর ভেঙে যাওয়া হৃদয়ের বেদনা প্রকাশের ধৈবতকে নিয়েও মামুন একান্ত নিমগ্ন সাধনায় কীভাবে আপন সময়কে যাপন করেন, তাও জানান দেন। তবলা বাদনের পাশাপাশি মামুন সরোদের তারতন্ত্রীতেও কত গভীরভাবে নিবেদিতপ্রাণ, তা উপলব্ধি করে আমার গোপন আনন্দ আর ধরে না! ওস্তাদ আয়েত আলী খাঁ, ওস্তাদ আলী আকবর খাঁ, ওস্তাদ বাহাদুর হোসেন খাঁ, ওস্তাদ আবেদ হোসেন খাঁ, ওস্তাদ শাহাদাৎ হোসেন খাঁর বাজানো সরোদ আমাদের এই শহরে একজন মামুনুর রশীদও চর্চা করছেন, এই গোপন আনন্দ আমাকে চঞ্চল ও উচ্ছ্বসিত করে রাখে। মামুনকে দেখলেই আমি জড়িয়ে ধরে রাখি বুকে!
তবলা, সরোদ বাদনের মামুনকে বিস্ময়কর বাঁশীবাদক মামুন আবিষ্কার করে আমি হতবিহ্বল হয়ে যাই! এও কি সম্ভব! হ্যাঁ, বিস্ময়কর হলেও মামুন তা সম্ভব করেছেন। মামুনের বাঁশি শুনে গর্বে আমার বুক ভরে গিয়েছে।
তবলা, সরোদ ও বংশীবাদক মামুনুর রশীদ বলেই কি আমরা তাকে এতো ভালোবাসি? না। এসব কোনকিছু না করলেও আমি মামুনকে ভালোবাসতাম, স্নেহ ও সম্মান করতাম। একজন ব্যক্তি মামুনুর রশীদই আমার কাছে অন্য সব গুণের বহু গূণ ফলের অধিক। বহু গুণের চেয়ে বহু মূল্যবান – সহজ, সুন্দর ও স্বাভাবিক মানুষই আমার কাছে আরাধ্য। মামুন সেই বিরল মানুষদের একজন। যার স্নিগ্ধ সুন্দর হাসি, স্বাগতিক, ইতিবাচক ও মায়াময় ব্যবহারে আমরা সবাই মুগ্ধ।
টরন্টো, কানাডা
